

বগুড়া-৬ আসন ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি লিখিতভাবে এই আসন ছেড়ে দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আর ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয় ২ হাজার ২১১টি। বৈধ ভোট হয় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।








